জীবনের ক্ষয় ও ক্ষোভ
লেখক: মোহাম্মদ মিজান
শরীরটা আর আগের মতো
দেয় না এখন সাড়া,
ছোটবেলার মতো আর
ঘুরে বেড়াই না পাড়া।
চুলে আমার পাক ধরেছে
চামড়া হয়েছে ঢিলে,
যত্নে রাখা ছবির সাথে
চেহারা নাহি মিলে।
বন্ধুরা আজ এড়িয়ে চলে
কয় না কথা তেমন,
মনটা আমার উড়ু উড়ু
লাগছে যেন কেমন!
যৌবননদে ভাটা পড়েছে
নাও বায় না মাঝি,
দুঃখের হাটে সুখে থাকতে
রাখছি জীবন বাজি।
কলঙ্কটাই হোক প্রতিদান
ভালোবাসার বদলে,
সবকিছু তো হারিয়ে যায়
সময়-স্রোতের ছলে!
দেহ-মন আর পেটের ক্ষুধা
জাত-ধর্ম কি মেটায়?
একলা মানুষ আঁধার রাতে
স্মৃতির পাতা ওল্টায়।
আশার আলো নিভে আসে
জমে বেদনার মেঘ,
বুঝল না কেউ দিনশেষে এই
একাকীত্বের বেগ।
----:---
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন