অন্ধকারের চিৎকার
লেখক ✍️ মোহাম্মদ মিজান
জন্মের আগেই যে পাপ আমাদের গায়ে জড়িয়ে দেওয়া হয়,
তা তো শৈশবের কোনো ভুল নয়—
তা এই বিবেকহীন সমাজের নিজ হাতে গড়া এক অভিশাপ।
আমরা তো চেয়েছিলাম বাঁচতে,
আলোয় ভরা এক ছোট্ট ক্যানভাসে নিজেদের স্বপ্ন আঁকতে—
অথচ ওরা এসে সেই ক্যানভাসে ছিটিয়ে দিল
নিকষ কালো, কুৎসিত এক অন্ধকারের রং।
চোখের সামনে বিবেক আজ নিলামে ওঠে
শহরের কোনো এক সস্তা মোড়ে,
পচে যাওয়া নীতির চাদরে ঢাকা এক নষ্ট সমাজ
প্রতি পদক্ষেপে যেন আমাদের গিলে খেতে চায়।
কোথায় নিয়ে এলো ওরা আমাদের এই সভ্যতাকে?
যেখানে সত্য বলাটাই আজ অপরাধ,
আর অন্যায়ের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ মানেই
নিজের নিঃশ্বাসটুকু হারিয়ে ফেলা।
আজ আমরা দাঁড়িয়ে আছি এক নির্জন, শূন্য গহ্বরে,
চারদিকে শুধু স্বার্থ আর ভণ্ডামির পাথুরে উঁচু দেয়াল।
প্রতিটি দেয়াল যেন আমাদের দিকে তাকিয়ে বিদ্রূপে হাসে,
নীরবে মনে করিয়ে দেয়—
আমরা কোনো মুক্ত ভোরের অনুসন্ধানী নই,
আমরা শুধু এক বন্দী সময়ের নিঃশব্দ সাক্ষী,
যাদের কণ্ঠ আজ অন্ধকারের গভীরে মিলিয়ে গেছে।
কুয়েত থেকে
২৫/০৮/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন