শিয়ালের পাঠশালা
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-০৭/০৪/২০২৬ -
শিয়ালের কাছে মুরগি বর্গা,
শুটকির পাহারাদার বিড়াল,
দেখো কুটনি-বুড়ি আবারো
শাক দিয়ে মাছ করে আড়াল।
চোরের কাছে চাবি গচ্ছিত
ডাকাতের হাতে থানার ভার,
মিষ্টি কথার আড়াল ঢেকে
নেকড়েরা বসিয়েছে দরবার।
কাকের হাতে ধানের গোলা
ভিমরুলের কাছে ফুলের বাগান,
যে যত বড় ফন্দিবাজ এখন
সেই পায় তত মান-সম্মান।
বকধার্মিকের গলায় মালা
চোখে তার ভক্তির ধারা,
রাতের আঁধারে গণনা করে
কতটুকু হলো পকেটে ভরা।
যুগের পর যুগ এরীতি নীতিতেই
স্বাধীন এই দেশটা চলে আসছে,
মাজলুমের চোখে ধুলো দিয়ে
জালিম রোদের আলোতে হাসছে।
তবুও একদিন ভোর হবেই
ধুয়ে যাবে মিথ্যার এই রঙ,
শিয়াল চিনবে সবাই তখন
ভাঙবে তার পুরনো এই ঢং।
শুধু সেই জুলাই বিপ্লবের মতো
আবারো নামতে হবে রাস্তায়,
আবু সাঈদ মুগ্ধ হাদীদের রক্ত
বৃথা যেতে দেবো না সস্তায়।
প্রয়োজনে পিচঢালা রাজপথ
আবারো রক্তে হবে লাল,
ইয়ামিনের মতো রোজা রেখে
হয়তো শহীদ হবো কাল।
----:-----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন